অনলাইন ডেস্ক:
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। শনিবার ভোর ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার জানান, ঘটনার পরপরই পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্বৃত্তদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরবেলায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক ব্যক্তি পার্কিংয়ে থাকা আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সংগীতশিল্পী আসিফ আকবর গাড়িতে ছিলেন না; তিনি তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে অবস্থান করছিলেন। ঘটনাস্থল থেকে গুলির একটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।









