ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য: যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলার’ হুঁশিয়ারি ইরানের

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ফের ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালায়, তবে উপসাগরীয় অঞ্চলের সাবমেরিন যোগাযোগ ক্যাবলগুলোকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করেছে তেহরান। ইরানের দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়লে এবং নতুন করে সংঘাত শুরু হলে এই কৌশল বাস্তবায়ন করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা জানিয়েছেন, তেহরান কীভাবে বা ঠিক কোন পয়েন্টে এই হামলা চালাবে, তা এখনই স্পষ্ট করা হয়নি। তবে তাদের ভাষ্যমতে, হামলার মূল উদ্দেশ্য হবে ইন্টারনেট সংযোগসহ গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা দীর্ঘমেয়াদে অচল করে দেওয়া। একজন কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান আক্রান্ত হলে কোনো ‘রেডলাইন’ বা সীমাবদ্ধতা থাকবে না; তখন সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে গোপন সামরিক ঘাঁটি—সবই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ওয়াশিংটনকে সতর্ক করে ওই কর্মকর্তা আরও বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। সাবমেরিন ক্যাবলগুলোর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার রয়েছে এবং চাইলে আমরা সহজেই সেগুলো ধ্বংস করতে পারি।’

এর আগে বুধবার ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) রাজনৈতিক বিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি জানান, ইরানের কোনো অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাতটি প্রধান ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করা হতে পারে।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, বিশ্বের মোট ইন্টারনেট ট্রাফিকের ৯৯ শতাংশই সাবমেরিন ক্যাবলের মাধ্যমে আদান-প্রদান হয়। তবে টেলিযোগাযোগ গবেষণা সংস্থা টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মোল্ডিন জানিয়েছেন, আন্তর্জাতিক ব্যান্ডউইথের ১ শতাংশেরও কম হরমুজ প্রণালি দিয়ে প্রবাহিত হয়। ফলে ইরানের এই হুমকির বৈশ্বিক প্রভাব খুব একটা ব্যাপক হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।