অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্ট ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজ থেকে ইউএনও শিল্পী রাণী মোদককে মৃত্যুর জন্য দায়ী করে পোস্ট দেওয়ার পাশাপাশি চাকরি থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে ইউএনও জানিয়েছেন, ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন এবং ঘটনার সময় তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে ইউএনও শিল্পী রাণী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সপরিবারে আমন্ত্রিত ছিলেন এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত। কেক কাটার পর থেকেই তিনি হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে তিনি ইউএনওর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ওপর চড়াও হন এবং মারধর করেন। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলে সেখানেও তিনি আসবাবপত্র ভাঙচুর করেন এবং বাসার সামনে থাকা শিশুদের ওপর চড়াও হন।
পরিস্থিতি বেগতিক দেখে ইউএনও জামালগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এসিল্যান্ডকে শান্ত করার চেষ্টা করে এবং ঘুমের ইনজেকশন দিয়ে তাকে নিয়ন্ত্রণে আনে। এরপর শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিলেটে এবং পরবর্তীতে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে তাকে বহনকারী গাড়িটি ভৈরবে অবস্থান করছে বলে জানা গেছে।
এ বিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক বলেন, “অনুষ্ঠানে আসার পর থেকেই তার আচরণ ছিল অস্বাভাবিক। আনসার সদস্য ও শিশুদের ওপর হামলার পর আমরা তাকে বাসায় পাঠিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। তার পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, তিনি নিয়মিত ওষুধ সেবন করেন। তার আগের কর্মস্থলেও এমন মানসিক সমস্যার কথা শুনেছি। আমি চাই তিনি দ্রুত সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসুন।”
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়। এসিল্যান্ডের অস্বাভাবিক আচরণ নিয়ন্ত্রণে এনে তাকে প্রাথমিক চিকিৎসা ও ঘুমের ব্যবস্থা করা হয়। পরবর্তীতে চিকিৎসার জন্য তাকে পরিবারের জিম্মায় উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।









