ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩

অনলাইন ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে একটি বাস খাদে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে ঢাকামুখী লেনে ঘটা এই ভয়াবহ দুর্ঘটনায় আরও ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারী দল ১১ জনকে গুরুতর অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহতদের মধ্যে রুকুনুজ্জামান রঞ্জু (৫৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে, যার বাড়ি চুয়াডাঙ্গায়। বাকি দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার করা মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

আহতদের মধ্যে রয়েছেন হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। আহতদের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর, ডামুরহুদা ও কাপাসডাঙ্গা ছাড়াও মেহেরপুরের মুজিবনগর, ঝিনাইদহের মহেশপুর, ঢাকার আফতাবনগর এবং মাগুরা সদর এলাকায়।