নিজস্ব প্রতিবেদক:
এবার ইসলামী ব্যাংকসহ পাঁচ ব্যাংকের মালিকানা এস আলমের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করেছেন এসব ব্যাংকের চাকরিচ্যুত কয়েক হাজার কর্মকর্তা।
মতিঝিলের দিলকুশা এলাকায় আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- চাকরিচ্যুতদের পুনর্বহাল, এস আলমের হাতে ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া এবং বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করা।
তথ্যসূত্রে জানা গেছে, এস আলমের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি ব্যাংকের চট্টগ্রামের পটিয়া অঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে আসা এসব কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন। ব্যাংক পাঁচটি হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি। গত দুদিন ধরে তারা ঢাকায় এসে বিভিন্ন হোটেলে অবস্থান করেন। এমনকি শনিবার রাতেও শতাধিক মাইক্রোবাসে করে আরও লোকজন ঢাকায় পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











