ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি শিল্পীকে ৭৪ বেত্রাঘাত

প্রকাশিত: 24 November 2026, 4:39 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন করে কঠোর শাস্তির মুখে পড়েছেন ইরানি সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। জনসমক্ষে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে এবং তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়েছে। একই সঙ্গে তাদের ওপর দুই বছরের ভ্রমণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। এ ঘটনা ইরানে নারীদের পোশাকবিধি কার্যকরে সরকারের কঠোর অবস্থান নতুন করে সামনে এনেছে।

সোমবার (২৩ নভেম্বর) সংগীতশিল্পী ও তার সহযোগীদের আইনজীবী এ তথ্য জানিয়েছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের সংস্কারপন্থী সংবাদমাধ্যম এমতেদাদের বরাਤੇ আইনজীবী মোস্তফা নিলি জানিয়েছেন, পারাস্তু আহমাদি ও তার চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে বেত্রাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়।

আইনজীবী দলের এক সদস্য জানান, পারাস্তু আহমাদি, কনসার্টে অংশ নেওয়া তিন সংগীতশিল্পী এবং গায়িকার প্রযোজককে পবিত্র নগরী কোমে এ শাস্তি দেওয়া হয়েছে। বেত্রাঘাতের পাশাপাশি দুই বছরের জন্য তাদের ভ্রমণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে কোম শহরে হিজাব ছাড়াই একটি কনসার্টে গান পরিবেশন করেন ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি।

ওই অনুষ্ঠানে তার পরনে ছিল হাতা কাটা পোশাক। কনসার্টে তিনি পরিবেশন করেন ঐতিহ্যবাহী ইরানি গান। অনুষ্ঠানটির ভিডিও এখনো তার ইউটিউব চ্যানেলে রয়েছে। ভিডিওটি ৩৩ লাখের বেশি বার দেখা হয়েছে। বর্তমানে তার চ্যানেলের গ্রাহকসংখ্যা ৭৭ হাজারের বেশি। কনসার্টের পরপরই ২০২৪ সালের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অল্প সময়ের মধ্যেই মুক্তি পান এই সংগীতশিল্পী। পরে গত জুনে তাকে প্রথম দোষী সাব্যস্ত করা হয়। সেপ্টেম্বরে সেই রায় বহাল রাখেন আদালত।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানে জনসমক্ষে নারীদের চুল ঢেকে রাখা এবং ঢিলেঢালা পোশাক পরা আইনত বাধ্যতামূলক। তবে দীর্ঘদিন ধরে এই আইনের প্রয়োগে কঠোরতার মাত্রা এক রকম ছিল না। বিশেষ করে ২০২২ সালের পর থেকে হিজাববিধি অমান্য করে নারীদের জনসমক্ষে চলাফেরা করার প্রবণতা বেড়েছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনেক নারীকে হিজাব ছাড়াই চলাফেরা করতে দেখা যাচ্ছে।

২০২২ সালে যথাযথভাবে হিজাব না পরার অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর হিজাব আইন নিয়ে সরকার ও সাধারণ মানুষের বিরোধ আরও প্রকাশ্য রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক নারী হিজাব ছাড়া নিজেদের ছবি প্রকাশ করতে শুরু করেন।

এদিকে ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ-আদেল গত সেপ্টেম্বরে জানিয়েছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ হিজাব আইন নিজেদের ইচ্ছামতো কঠোরভাবে কার্যকর করতে পারছে না। তবে যুদ্ধ শুরুর আগেই আইন অমান্যের প্রবণতা বাড়তে শুরু করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়। এর আগেও ২০২৫ সালের ডিসেম্বরে দেশটিতে ক্রমবর্ধমানসংখ্যক নারীকে হিজাব ছাড়া জনসমক্ষে চলাফেরা করতে দেখা যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল।

তবে গত এক বছরে হিজাব আইন কার্যকরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। গত অক্টোবরের শেষ দিকে তেহরানের সরকারি কৌঁসুলি আলী সালেহি হিজাবসংক্রান্ত বিধি কার্যকরে ব্যর্থ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সরকারের শালীনতা ও হিজাব টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ সতর্কবার্তা দেন।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, নারীদের হিজাব আইন মেনে চলা নিশ্চিত করতে তেহরান প্রদেশে ৮০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও বিচার বিভাগের কর্মকর্তারাও রয়েছেন। হিজাব ও শালীনতাসংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগে এর আগেও ইরানের একাধিক সংগীতশিল্পীকে গ্রেপ্তার ও শাস্তির মুখে পড়তে হয়েছে। ২০২৩ সালে সংগীতশিল্পী মেহদি ইয়াররাহিকে গ্রেপ্তার করা হয়। ওই বছর প্রকাশিত তার একটি গানে ইরানি নারীদের হিজাব খুলে ফেলার আহ্বান জানানো হয়েছিল। পরে একই বছর জামিনে মুক্তি পান তিনি।

এ ছাড়া ২০২৪ সালে জনসমক্ষে হিজাব ছাড়া গান পরিবেশন করে ভিডিও ধারণের অভিযোগে সংগীতশিল্পী জারা ইসমাইলিকেও গ্রেপ্তার করা হয়। তিনি ঠিক কবে মুক্তি পেয়েছেন, তা স্পষ্ট নয়। তবে ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ফ্রান্সে অবস্থান করছেন।

মন্তব্য করুন