নিজস্ব প্রতিবেদক :
ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই, বরং তারা ‘সংস্কারের নামে কলা দেখাচ্ছে’।
শনিবার (৩১ মে) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কৃষক দলের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন বলেন, “সংস্কারের এই নাটক কতবার উদ্বোধন করবেন? প্রথম দফায় উদ্বোধন, তারপর দ্বিতীয় দফায় আবার। এখন তৃতীয় দফায় নতুন করে উদ্বোধন! এটি আসলে সংস্কারের নামে ‘কলা দেখানো’ ছাড়া কিছু নয়।”
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২ জুন আবারও সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু এ পর্যন্ত হওয়া আলোচনা থেকে কোনো বাস্তব অগ্রগতি হয়নি। “আলোচনা কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ, কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি,” বলেন সালাহউদ্দিন।
তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচন পেছানোর যৌক্তিক কারণ কী? যদি ডিসেম্বরে নির্বাচন না করার কোনো কারণ থাকে, তা হলে জাতির সামনে পরিষ্কার করে তুলে ধরুন।”
বিএনপি নেতা আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কখনোই সম্পন্ন হওয়ার মতো বিষয় নয়। তাই সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি দাবি করেন, “বিএনপির নেতাকর্মীরা রক্ত দিয়েছে, কারাভোগ করেছে, ‘আয়নাঘরে’ বন্দী হয়েছে। এসব কিছু কি শুধুই গল্প? আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং বৈষম্যহীন সমাজ গড়ার জন্য।”
সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ কৃষক দলের নেতারা।











