এল ক্লাসিকোয় ৪০ ক্যামেরার রোমাঞ্চ, বিশেষ নজরে ইয়ামাল-এমবাপ্পে

অনলাইন ডেস্ক:

বিশ্ব ফুটবলের অন্যতম মহাদ্বৈরথ ‘এল ক্লাসিকো’ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত হতে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এই মহারণ সম্প্রচারে নেওয়া হয়েছে নজিরবিহীন প্রযুক্তিগত প্রস্তুতি। হাইভোল্টেজ ম্যাচটির প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে দর্শকদের সামনে তুলে ধরতে মাঠে ৩৫ থেকে ৪০টি উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

ম্যাচটি সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হচ্ছে বর্তমান ফুটবলের দুই উদীয়মান ও মহাতারকার ওপর। বার্সেলোনার বিস্ময়বালক লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের মাঠের পারফরম্যান্স বিশেষভাবে ফোকাস করবে নির্দিষ্ট কিছু ক্যামেরা। তাদের গতি, ড্রিবলিং এবং কৌশলগত অবস্থান দর্শকেরা যেন আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারেন, সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই বিশেষ সম্প্রচার পরিকল্পনা।

সম্প্রচারসংশ্লিষ্টরা জানান, আধুনিক ক্যামেরার বহুমুখী ব্যবহার এবং বিশেষ কৌশলে ম্যাচ কাভারেজের মাধ্যমে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীকে সরাসরি স্টেডিয়ামে উপস্থিত থাকার মতো অভিজ্ঞতা প্রদান করাই এই বিশাল আয়োজনের মূল উদ্দেশ্য।