‘গানমাস্টার জি৯’: ফ্যানদের সঙ্গে দেখা করবেন ইমরান হাশমি, আগাম টিকিট কাল থেকে
অনলাইন ডেস্ক:
মুক্তির তিন দিন আগে ভক্তদের মুখোমুখি হচ্ছেন ইমরান হাশমি। নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর আগাম টিকিট বিক্রির ঘোষণা দিলেন অভিনেতা।
সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় ইমরান জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় মুম্বাইয়ের বান্দ্রার গেইটি গ্যালাক্সি থিয়েটারে ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি। একই দিন থেকে সারা ভারতে ছবির আগাম টিকিট বিক্রি শুরু হবে।
‘গানমাস্টার জি৯’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার, ২৭ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন আদিত্য দত্ত। ইমরানের বিপরীতে আছেন জেনেলিয়া দেশমুখ, সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। প্রযোজনা করেছেন দীপক ও হুনার মুকুট।
এই ছবির মাধ্যমে ২০০৫ সালের ‘আশিক বানায়া আপনে’র পর আবার একসঙ্গে কাজ করলেন ইমরান, আদিত্য দত্ত ও হিমেশ রেশমিয়া।
মন্তব্য করুন
