অনলাইন ডেস্ক:
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন এই জুটি। তবে বিয়ের আগে নিজেদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সবসময়ই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা। অবশেষে এক অনুষ্ঠানে নিজেদের প্রেম ও বিয়ের অজানা গল্প খোলামেলাভাবে প্রকাশ করলেন নবদম্পতি।
সম্প্রতি করণ জোহর সঞ্চালিত জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন বিজয় ও রাশমিকা। অনুষ্ঠানটির প্রকাশিত প্রোমোতে করণের মুখোমুখি হয়ে খোশগল্প ও খুনসুটিতে মেতে ওঠেন এই তারকা যুগল। আলাপচারিতার একপর্যায়ে সঞ্চালক করণ জোহর বিজয়ের কাছে জানতে চান, রাশমিকার মতো সুন্দরীকে জীবনে পাওয়ার পর তিনি কীভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন?
করণের এ প্রশ্নের উত্তর বিজয় দেওয়ার আগেই মুখ খোলেন রাশমিকা। অভিনেত্রী জানান, প্রস্তাবটি বিজয় দেননি, তিনিই প্রথম বিয়ের কথা তুলেছিলেন। রাশমিকা বলেন, “আমিই প্রথম বিয়ের প্রসঙ্গ তুলে বিজয়কে বলেছিলাম, ‘চলো, বিয়ে করে ফেলি।’ তখন বিজয় শর্ত দিয়ে বলেছিল, ‘ঠিক আছে, আগে তুমি আমাকে এক শ বার জিজ্ঞাসা করো।’” রাশমিকার মুখে এ কথা শুনে করণ অবাক হয়ে জানতে চান, আসলেই তিনি এক শ বার জিজ্ঞেস করেছিলেন কি না? জবাবে রাশমিকা জানান, বিজয়কে রাজি করাতে তিনি টানা এক বছর বিয়ের কথা বলে গেছেন।
স্ত্রীর এমন কথার পিঠে রসিকতা করে বিজয় বলেন, “আমি কিন্তু এতটা খারাপ মানুষ নই।” এরপরই বিবাহিত জীবনের একটি গোপন পরামর্শ দিয়ে বিজয় বলেন, “দাম্পত্যের ১০১ নম্বর নিয়ম হলো—সব সময় স্ত্রীর কথায় সম্মতি দেওয়া।” বিজয়ের এমন মজাদার জবাবে লজ্জায় লাল হয়ে ওঠেন রাশমিকা।
উল্লেখ্য, ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করার সময় থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত ঘটে। পর্দার সেই রসায়ন বাস্তব জীবনে গড়িয়ে অবশেষে দুই পরিবারের ঐতিহ্য—তেলেগু ও কর্ণাটকের কোডাভা রীতির সংমিশ্রণে এক মোহনীয় রূপকথার মতো আয়োজনে পূর্ণতা পেল।











