প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো শফিকুল ইসলাম জানিয়েছেন যে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের বিষয়টি খতিয়ে দেখছে। পুলিশ তদন্তে আইনের কোনো ব্যত্যয় বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

গত শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন এলাকায় একটি মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানের সময় তার এক হাতে হ্যান্ড মাইক এবং অন্য হাতে পিস্তল প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সূত্রপাত হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে প্রতিমন্ত্রীকে চিৎকার করে ‘এই ধর ধর ধর’ বলতে শোনা যায় এবং তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকেও ভিডিওটি শেয়ার করেছিলেন। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠলে ভিডিওটি তার আইডি থেকে মুছে ফেলা হয় এবং বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়।

ঘটনার পর নিজের পক্ষে সাফাই গেয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দাবি করেন যে ,তিনি কাউকে ভয় দেখাননি বা গুলি করেননি এবং তার হাতে থাকা আগ্নেয়াস্ত্রটি সম্পূর্ণ বৈধ। স্থানীয় বাসিন্দাদের বারবার অভিযোগের পরেও পুলিশ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তিনি নিজেই মাদকবিরোধী এই অভিযানে অংশ নেন বলে দাবি করেন।