অনলাইন ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী এক বছরের জন্য তাঁকে দলের নেতৃত্বের দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ব্যাটার সোবহানা মোস্তারি।
রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই নেতৃত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিসিবি। সম্প্রতি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন ২৬ বছর বয়সী নাহিদা।
বাংলাদেশ নারী দলের নিয়মিত ও অভিজ্ঞ মুখ নাহিদা আক্তার। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে শিকার করেছেন ১৩২টি উইকেট। দেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি সর্বোচ্চ উইকেটশিকারি। এছাড়া আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বোলারদের সার্বিক তালিকায় নাহিদার অবস্থান পঞ্চম।
অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া ২৪ বছর বয়সী সোবহানা মোস্তারি ২০১৯ সালে অভিষেকের পর এ পর্যন্ত দেশের জার্সিতে ৭২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। সম্প্রতি কুড়ি ওভারের এই সংস্করণে ১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হকের পর তৃতীয় বাংলাদেশি নারী ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন সোবহানা।
নতুন এই জুটির নেতৃত্বে বাংলাদেশ দল নিজেদের পরবর্তী মিশনে মাঠে নামবে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি দিয়ে। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।











