পীরগঞ্জ প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১৮ বছর ধরে একই কর্মস্থলে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম। সরকারি চাকরির সাধারণ বদলি নীতিমালার তোয়াক্কা না করে বছরের পর বছর একই এলাকায় অবস্থান করায় তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ।দীর্ঘদিন ধরে একই স্থানে কর্মরত থাকায় স্থানীয় সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন ও ক্ষোভের জন্ম দিয়েছে ।সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অবিলম্বে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই দীর্ঘমেয়াদি অবস্থানের সুবাদে ওই কর্মকর্তা নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে জনশ্রুতি রয়েছে ।শুধু প্রশাসনিক অনিয়মই নয় বরং তাঁর বিরুদ্ধে অতীতে একাধিকবার নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ ওঠে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময় অন্তত তিনবার এ ধরনের বিতর্কিত ঘটনার জন্ম দিলেও রহস্যজনক কারণে প্রতিটি ঘটনাই ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে ।প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব ঘটনা ধামাচাপা দেওয়ায় তিনি আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে দাবি করেন স্থানীয়রা।
সরকারি বিধিমালা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থল পরিবর্তন বা বদলি করার নিয়ম থাকলেও এই কর্মকর্তার ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে। একই স্থানে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করায় স্থানীয় সিন্ডিকেট ও নানা অনিয়মের জাল বিস্তার লাভ করেছে। প্রতিষ্ঠানে সুশাসন ও নিরপেক্ষতা বজায় রাখতে অবিলম্বে এই প্রশাসনিক কর্মকর্তার কার্যকাল পর্যালোচনা করা প্রয়োজন।
এ বিষয়ে দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুনির্দিষ্ট অভিযোগগুলোর সত্যতা যাচাই করার জোরালো দাবি জানিয়েছেন কাবিলপুর ইউনিয়নের সচেতন নাগরিক সমাজ তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ।তারা অন্যথায় স্থানীয় পর্যায়ে আরও বড় ধরনের অসন্তোষ দানা বাঁধতে পারে বলে সতর্ক করেছেন এলাকাবাসী।











