নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডা ও মিরপুর থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড কার্যকর করার অংশ হিসেবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিআইডির তত্ত্বাবধানে ও ডিএমপির সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে প্রয়োজনীয় প্রাথমিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৫টা ৫০ মিনিটে তাদের সেখান থেকে নিয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সিআইডি সূত্রে জানা যায়, বাড্ডা ও মিরপুর থানার হত্যা মামলায় আদালত তাদের প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনি প্রক্রিয়া ও নিয়ম অনুযায়ী আসামিদের রিমান্ডে নেওয়ার আগে তাদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে এই স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী যেকোনো আসামিকে রিমান্ডে নেওয়ার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা করা বাধ্যতামূলক। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আদালতে হাজির করার আগেও আসামির স্বাস্থ্য পরীক্ষা করা হয়।











