অনলাইন ডেস্ক :
সম্পর্কের টানাপোড়েন, আত্মসম্মান ও মানসিক শান্তি—জীবনের এসব বাস্তবতা নিয়ে প্রায়ই নিজের অনুভূতি সামাজিক মাধ্যমে তুলে ধরেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তার ব্যক্তিগত উপলব্ধি ও জীবনঘনিষ্ঠ কথাগুলোও ভক্ত-অনুরাগীদের পাশাপাশি নেটিজেনদের নজর কাড়ে। এবার সম্পর্ক থেকে সরে আসা এবং নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া নিয়ে দীর্ঘ এক আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
শুক্রবার (১৪ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রভা সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। তার ভাষ্য, সম্পর্ক চুকে ফেলা মানেই মানুষের ওপর থেকে বিশ্বাস বা আশা হারিয়ে ফেলা নয়। বরং কখনো কখনো এটি নিজের কাছে সত্য স্বীকার করে নেওয়া—একসময় যে সম্পর্কটি অর্থবহ ছিল, সেটিই হয়তো এখন ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
প্রভা মনে করেন, ভালোবাসার বিনিময়ে কখনোই মানসিক শান্তি, নিজের পরিচয় কিংবা সুস্থতা বিসর্জন দেওয়া উচিত নয়। তার মতে, কিছু মানুষ কেবল নিজেদের প্রয়োজনেই পাশে থাকে। আবার পরিবারের মধ্যেও এমন কেউ থাকতে পারেন, যিনি ব্যক্তিগত সীমা অতিক্রম করেন। কেউ কেউ পাশে থেকেও একজন মানুষকে একাকিত্বের অনুভূতি দিতে পারেন। এসব পরিস্থিতিতে পরিবর্তনের আশায় মানুষ দীর্ঘদিন চেষ্টা চালিয়ে গেলেও একপর্যায়ে বুঝতে পারে, অন্যকে বদলানোর চেষ্টায় সে নিজেই হারিয়ে যাচ্ছে।
অভিনেত্রীর মতে, জীবন থেকে কোনো সম্পর্ক বা পরিস্থিতি সরিয়ে দেওয়া সবসময় নির্মমতার পরিচয় নয়; অনেক সময় এটি সাহসী সিদ্ধান্ত। মিথ্যা ভান করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে বাস্তবতাকে মেনে নেওয়া এবং নীরব কষ্টের চেয়ে আত্মসম্মানকে অগ্রাধিকার দেওয়া জরুরি। কাউকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া মানেই তাকে শাস্তি দেওয়া নয়, বরং কখনো কখনো সেটি নিজের অস্তিত্ব ও শান্তি রক্ষার সিদ্ধান্ত।
প্রভা আরও বলেন, যে জায়গায় প্রতিনিয়ত আঘাত পেতে হয়, সেখানে সুস্থ হয়ে ওঠা কঠিন। একইভাবে যে পরিবেশ একজন মানুষের মানসিক পরিসর সংকুচিত করে ফেলে, সেখানে নিজের বিকাশও সম্ভব নয়। তাই কোনো সম্পর্ক বা পরিস্থিতি থেকে সরে আসাকে সবসময় পরিত্যাগ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি হতে পারে নিজের আত্মমর্যাদা ও মানসিক শান্তি ফিরে পাওয়ার একটি পথ।
সবশেষে প্রভার উপলব্ধি, জীবনের কিছু বিষয় ছেড়ে দেওয়াও কখনো কখনো ভালোবাসারই একটি শক্তিশালী প্রকাশ হতে পারে। নিজের শান্তি ও আত্মমর্যাদার জন্য সঠিক সময়ে সরে আসার সিদ্ধান্তও যে গুরুত্বপূর্ণ, সেই বার্তাই তার সাম্প্রতিক পোস্টে উঠে এসেছে।










