অনলাইন ডেস্ক:
স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অনন্য এক উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে ঐতিহ্যবাহী সবুজ জার্সির বদলে বিশেষ গোলাপি জার্সিতে মাঠে নামবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী ২৫ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতার মাস বা ‘পিংকটোবার’ হিসেবে পালন করা হয়। পিসিবির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো রোগটি দ্রুত শনাক্তকরণ এবং সঠিক সময়ে চিকিৎসার গুরুত্ব সবার সামনে তুলে ধরা। ওই দিন পুরো গাদ্দাফি স্টেডিয়ামকেও সাজানো হবে গোলাপি থিমে।
এই সচেতনতামূলক পদক্ষেপে ক্রিকেটারদের পাশাপাশি মাঠে আসা দর্শকদেরও সম্পৃক্ত করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত স্টেডিয়ামে আসা নারী দর্শকদের জন্য বিনামূল্যে স্তন পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। ম্যাচ চলাকালে মাঠজুড়ে সচেতনতামূলক প্রচারও চালানো হবে।
বিশেষ এই ম্যাচে পাকিস্তান দলের ক্রিকেটাররা যেমন গোলাপি জার্সি পরে খেলবেন, তেমনি ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল এবং ধারাভাষ্যকারদেরও গোলাপি রিবন পরার আমন্ত্রণ জানানো হবে। স্তন ক্যানসারে আক্রান্ত এবং এই রোগকে জয় করা যোদ্ধাদের প্রতি সম্মান ও সংহতি জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, শ্রীলঙ্কাকে অন্তর্ভুক্ত করে এই ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হচ্ছে।











