গজারিয়ায় নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গজারিয়া প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে আবু বকর সিদ্দীক রাফি নামের সাত বছরের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে ।আজ দুপুর ১২টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাফি মধ্য ভাটেরচর গ্রামের আবু বক্কর সিদ্দীকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সমবয়সী বন্ধুদের সাথে ফুলদী নদীতে গোসল করতে যায় রাফি ।গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতের টানে সে গভীর পানিতে তলিয়ে যায় ।দীর্ঘক্ষণ ধরে তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীর চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন, কোনো উপায় না পেয়ে পরবর্তীতে বিষয়টি ভবেরচর ফায়ার সার্ভিস স্টেশনকে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। শিশুটিকে উদ্ধারের জন্য মুন্সীগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ স্কুলছাত্রের কোনো সন্ধান মেলেনি।