ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

প্রতিমন্ত্রী ইকবালকে কুষ্টিয়ায় ঢুকতে দেবেন না এমপি আমির হামজা

প্রকাশিত: 9 November 2026, 3:36 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের বিরুদ্ধে তাফসীরুল কুরআন মাহফিল ও পুনরমিলনী অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা। এমনকি ত্রাণ প্রতিমন্ত্রীকে কুষ্টিয়ায় ঢুকতে দেবেন না বলেও প্রকাশ্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

গত শনিবার (৭ নভেম্বর) ময়মনসিংহের ফুলপুরে একটি ইসলামী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুফতি আমির হামজা।

এমপি আমির হামজা তার বক্তৃতায় বলেন, আজকে রাতে (শনিবার) মাহফিল ছিল। কিন্তু তারা সেটি বন্ধ করে দিয়েছে বিকেল বেলায়, না উনারে (আমির হামজা) আসতে দেওয়া যাবে না। এদিক-সেদিক যা আছে সব ফাঁস করে দেবে। ফাঁস আমি এমনেও করব। কালকের দিন পরে সংসদ বসবে, সেখানে সব বলে দেব। নাম ধরে বলব। এই ময়মনসিংহের প্রতিমন্ত্রী ইকবাল সাহেব আজকে (শনিবার) প্রশাসনকে দিয়ে ইসলামি সভা বন্ধ করে দিয়েছে, প্রশাসনের কোনো দোষ নেই।

তিনি আরও অভিযোগ করে বলেন, ওই রাস্তার টাকা, ব্রিজের টাকা, গোরস্থানের টাকা, মন্দিরের টাকা মেরে খায়। এইটা বলি এই জন্য আমাকে আসতে দেয় না। ওরা জানে গুমর ফাঁক করে দেব। তাই ইসলামি সভায় আমাকে আসতে দেওয়া হয় না।

প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, উনিও এমপি, আমিও এমপি। আপনার যদি আসার অধিকার থাকে সারা বাংলাদেশে, তাহলে আমারও অধিকার আছে। আপনি বিএনপি করলে যদি দোষ না হয়, তাহলে আমি জামায়াতে ইসলামী করলে দোষ হবে কেন? ভণ্ডামি করার জায়গা পান না।

এমপি আমির হামজা আরও বলেন, আমি যদি জামায়াত করতে না পারি, তাহলে আপনি বিএনপিও করতে পারবেন না। আপনি করবেন, আমি করব না, আমি কী ভেসে এসেছি।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দেখেন আমি কী করি, আমি সংসদে বলব; এর জবাব দেওয়া লাগবে। না হয় এই সংসদ আমরা মানি না। ৫৬ হাজার বর্গমাইলের জায়গায় যেতে দেবেন না, আপনি কুষ্টিয়ায় যাইয়েন তো দেখি, আপনাকেও ঢুকতে দেব না। যদি আগে বলে দিতেন, তাহলে এই মাহফিলের (শ্যামগঞ্জ) ২-৩ লাখ টাকা খরচ হতো না। এখন তো দেখি আবু জাহেলের চেয়েও খারাপ। আবু জাহেল কুরআন শুনতে বাধা দিত, মনে মনে চুরি করে শুনত। আর এরা শোনেও না, শুনতেও দেয় না। আবু জাহেলকে তো দেখিনি, যদি দেখতাম তাহলে ওই রকমই হতো।

এদিকে, তার দেওয়া এই বিতর্কিত বক্তব্যকে ঘিরে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮ নভেম্বর) তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। এর জেরে রোববার রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কলতাপাড়ায় একটি বিক্ষোভ সমাবেশ করেছে জাসাস।

তবে অন্যদিকে, মাহফিলের আয়োজক সদস্য হাফেজ মো. সোহেল রানা জানিয়েছেন, ঘটনার পাঁচ দিন আগেই নোটিশ দিয়ে শ্যামগঞ্জ ঐতিহাসিক রেলওয়ে মাঠে অনুষ্ঠিতব্য বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল ও পুনরমিলনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছিল। শ্যামগঞ্জ বড় মসজিদ প্রাঙ্গণে রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি করেন।

তিনি আরও জানান, গত ২ নভেম্বরই বিষয়টি প্রধান আলোচক আমির হামজা এমপির ব্যক্তিগত সহকারীকে মোবাইলের মাধ্যমে জানানো হয়েছিল। তারপরও এ ধরনের বক্তব্য অত্যন্ত দুঃখজনক। এটি শুধু কোনো ওয়াজ মাহফিল ছিল না, বরং এই প্রতিষ্ঠানের ১০-১২ হাজার সাবেক শিক্ষার্থীর একটি বড় মিলনমেলা ছিল। তাদের নানা অসুবিধা বিবেচনায় নিয়েই অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ হাফিজিয়া মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আয়োজক কমিটির অপর সদস্য মো. মোরসালিন জানান, তার ব্যক্তিগত ফেসবুকে গত ২ নভেম্বর রাত ৯টা ৪শিল্প মিনিটে অনিবার্য কারণবশত ৭ নভেম্বর শনিবার মাহফিল স্থগিত এবং পরবর্তী সময়ে তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে মর্মে একটি নোটিশ প্রকাশ করা হয়েছিল।

উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা কাওসার আহমেদ, ফয়জুর রহমান জালাল, সাইফুল ইসলাম, হাফেজ মো. মোরসালিন আহাম্মদ মুসা প্রমুখ ব্যক্তিবর্গ।

এ পুরো বিষয়টির বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য জানতে এমপি আমির হামজা ও তার ব্যক্তিগত সহকারী তানভীর আফসানকে একাধিকবার মোবাইলে কল ও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অপরদিকে, এমপি আমির হামজার দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহার এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল। তিনি গণমাধ্যমকে জানান, মাহফিল স্থগিত হওয়ার বিষয়টি তারা আগেই ফেসবুকে দেখেছেন। সেখানে ত্রাণ প্রতিমন্ত্রী বা বিএনপির কোনো নেতৃবৃন্দের বিন্দুমাত্র কোনো যোগসূত্র নেই। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ এনে দেওয়া এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে দেওয়া ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ‘আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি ও তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি’ জোরালোভাবে উত্থাপন করেছেন শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব ইসমাহিল হোসেন।

এছাড়া, আমির হামজার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আয়োজিত বিভিন্ন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সদস্য বাহার উদ্দিন দুদু, বিএনপি নেতা আব্দুল হাই, শ্যামগঞ্জ বাজারের ইজারাদার ও যুবনেতা আলী আক্তার খান পল্লব, যুবদল নেতা আজিজুল হক, মনিরুল ইসলাম মুরাদ, আতাউর রহমান, মইলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিছুজ্জামান আনিছ, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মামুন আল আমিন প্রমুখ।

মন্তব্য করুন