ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

মাদারীপুরে পারিবারিক কলহে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত

প্রকাশিত: 26 November 2026, 4:18 pm
ফন্ট:

জেলা প্রতিনিধি:

মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে মারামারির একপর্যায়ে স্ত্রীর লাঠির আঘাতে তারা মিয়া শেখ (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর নাগরদি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহত তারা মিয়া শেখ একই এলাকার আয়নাল শেখের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দুপুরে তারা মিয়া শেখ ও তার স্ত্রী খাদিজা বেগমের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। উত্তপ্ত পরিস্থিতির একপর্যায়ে খাদিজা তার স্বামী তারা মিয়ার মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর পরিবারের লোকজন ও স্থানীয়রা তারা মিয়াকে দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসকরা জানান, নিহতের শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। এছাড়া আটক খাদিজা নিজেও এই মারামারিতে আহত হওয়ায় তাকে পুলিশি নিরাপত্তায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন