ইসির সংলাপে গুরুত্ব পাবে নির্দলীয় ভোটে দলীয় প্রভাব
নিজস্ব প্রতিবেদক:
দলীয় প্রতীক ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাই, একক প্রার্থী নির্ধারণ এবং পছন্দের প্রার্থীর পক্ষে সমর্থন দেওয়ার তৎপরতা শুরু হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ে প্রার্থী নিয়ে আলোচনা চলছে। এমন পরিস্থিতিতে নির্দলীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কতটুকু থাকবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (২৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ সংলাপ। এতে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবে কমিশন। প্রথম দিন ২৯ নভেম্বর বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। দ্বিতীয় দিন ৩০ নভেম্বর ১৮টি এবং শেষ দিন ১ ডিসেম্বর বাকি ১৮টি দলের সঙ্গে আলোচনা হবে। বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের চার শরিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দলগুলোর সহযোগিতা চাইবে ইসি। সংলাপে নির্দলীয় ভোটে দলীয় প্রভাব, নির্বাচনী আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটারদের নিরাপত্তার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধান বাতিল হওয়ায় এবার চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থীরা সাধারণ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে প্রতীক না থাকলেও রাজনৈতিক দলগুলোর প্রার্থী সমর্থনের বিষয়টি সামনে এসেছে। এরই মধ্যে বিভিন্ন দলের নেতারা স্থানীয় পর্যায়ে একক প্রার্থী নির্ধারণের উদ্যোগের কথা জানিয়েছেন। এ অবস্থায় দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে প্রার্থীকে সমর্থন করতে পারবে কি না, দলীয় পরিচয় ব্যবহার করে প্রচার চালানোর সুযোগ কতটুকু থাকবে এবং দলীয় ব্যানারে নির্বাচনী কার্যক্রম পরিচালনার বিষয়ে কমিশনের অবস্থান কী হবে, সেসব বিষয় আলোচনায় আসছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলীয় প্রতীক না থাকলেও বাস্তবে রাজনৈতিক দলগুলোকে আলাদা করা যাবে না। কারণ, প্রার্থীরা কমবেশি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এ কারণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ চায় কমিশন।
ইউপি নির্বাচন তৃণমূল পর্যায়ের হওয়ায় প্রার্থীদের ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ অনেক সময় নির্বাচনী সংঘাতে রূপ নেয়। একই দলের একাধিক প্রার্থী থাকলে অভ্যন্তরীণ বিরোধ থেকেও সহিংসতার আশঙ্কা তৈরি হয়। এ ছাড়া আধিপত্য বিস্তার, ভোটারদের ভয়ভীতি দেখানো, প্রতিপক্ষের প্রচاره বাধা, কেন্দ্র দখল ও জাল ভোটের মতো ঘটনা নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। এ কারণে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইবে ইসি। দলীয় নেতা-কর্মীরা যাতে নির্বাচনী সংঘাতে না জড়ান, প্রার্থীরা যাতে আচরণবিধি মেনে প্রচার চালান এবং ভোটাররা যাতে নির্বিغ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে বিষয়ে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করবে কমিশন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হবে। ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাদা বৈঠক করবে কমিশন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধও সংলাপের গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের প্রচারে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা থাকবে। এ ক্ষেত্রে প্রচারের নিয়ম, দলীয় পরিচয় ও প্রভাব বিস্তারের সীমা নিয়ে আলোচনা হবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে পাঁচ ধাপে দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম শেষ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় গণবিজ্ঞপ্তি জারি করে তফসিল ঘোষণা করবেন।
