অনলাইন ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারত ঘোষণা করেছে তাদের স্কোয়াড। তবে স্কোয়াডে থাকা জাসপ্রীত বুমরাহের খেলা এখনও অনিশ্চিত। তার খেলার সিদ্ধান্ত নির্ভর করছে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অনুষ্ঠিত ফিটনেস টেস্টের উপর।
বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হলেও, তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ১২ ফেব্রুয়ারি ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচটি বুমরাহের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই ম্যাচে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন।
ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে বুমরাহের মাঠে নামার সম্ভাবনা কম। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। যদি বুমরাহ ফিট না হন, তবে তার জায়গায় মোহাম্মদ সিরাজ বা হারশিত রানাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।
পূর্বে বর্ডার-গাভাস্কার ট্রফির সময় বুমরাহকে হাসপাতালে যেতে হয়েছিল, এবং তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে পুরোপুরি ফিট করে তোলার চেষ্টা করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
















