অনলাইন ডেস্ক:
দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সম্ভাব্য বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে জোর গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসেই নাকি গাঁটছড়া বাঁধতে পারেন এই তারকা জুটি।
যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে ধানুশ কিংবা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ম্রুণালের ব্যক্তিগত জীবনের এক পুরনো অধ্যায়।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত প্রেমের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন ‘সীতা রামাম’ খ্যাত এই অভিনেত্রী। ছোটপর্দা থেকে বড়পর্দায় পা রাখার সময়টা তার জীবনে সহজ ছিল না বলেই জানান তিনি। পেশাগত পরিবর্তনের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কেও তখন টানাপোড়েন চলছিল।
ম্রুণাল জানান, সে সময় তার প্রেমিক ছিলেন অত্যন্ত রক্ষণশীল মানসিকতার পরিবারের সদস্য।
অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়া এবং অনিয়মিত, ব্যস্ত জীবনযাপন—এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত সেই অমিলই সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়।
অভিনেত্রীর ভাষায়, ‘সে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আমাকে সরাসরি বলেছিল, আমার এই হঠকারী সিদ্ধান্ত আর জীবনযাত্রার সঙ্গে সে তাল রাখতে পারবে না।
তবে সময়ের সঙ্গে সেই বিচ্ছেদকে নেতিবাচক হিসেবে দেখেন না ম্রুণাল। বরং এখন তিনি মনে করেন, ওই সম্পর্ক ভেঙে যাওয়া ছিল তার জীবনের জন্য একটি আশীর্বাদ। চিন্তাভাবনার এই পার্থক্য ভবিষ্যতে আরো বড় জটিলতা তৈরি করতে পারত—বিশেষ করে সংসার ও সন্তান লালন-পালনের ক্ষেত্রে।
এদিকে ধানুশের সঙ্গে তার সম্ভাব্য বিয়ে নিয়ে গুঞ্জন দিনে দিনে আরো জোরালো হলেও এখনো পর্যন্ত বিষয়টি নেটিজেনদের আলোচনাতেই সীমাবদ্ধ।











