অনলাইন ডেস্ক:
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। গত সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
দুদকের পক্ষে উপ-পরিচালক মো. সালাহউদ্দিন আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় যে, খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যহার, সরকারি অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মাধ্যমে নিজ ও তার পরিবারের সদস্যদের নামে অযৌক্তিক সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, খন্দকার মোশাররফ হোসেন বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। যদি তিনি দেশত্যাগ করেন, তাহলে গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্ট হয়ে যাওয়ার এবং অনুসন্ধান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
তদন্তের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করার জন্য এবং অভিযোগের পূর্ণাঙ্গ অনুসন্ধান সম্পন্ন করার স্বার্থে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।







