কুষ্টিয়ায় থানা স্থানান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক:

কুষ্টিয়ার ঝাউদিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার স্থানান্তরের দাবিতে স্থানীয় এলাকাবাসী কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে সড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

এ আন্দোলনের কারণে ব্যাপকভাবে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং গাড়িচালকরা। এক ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধের কারণে আটকে ছিল শত শত যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যান।

ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল বলেন, “পুলিশ সুপারের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, আগামী ১০ ফেব্রুয়ারি আমাদের নেতৃবৃন্দের সঙ্গে বসে করণীয় ঠিক করা হবে।” এই আশ্বাসের পরেই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।

তবে তারা জানিয়েছেন, যদি কোনো চক্রান্ত করা হয়, তাহলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। আন্দোলনকারীদের দাবি, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের সরকারি প্রজ্ঞাপন জারি হলেও প্রশাসন এখনও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, “ঝাউদিয়া ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র, এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।”

এদিকে, কাভার্ডভ্যান চালক আব্দুল হাকিম জানান, “এক ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি, জানি না কবে সড়ক খুলবে।”

মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হায়াত আলী বলেন, “ইবি থানার ওসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে বলেছি, কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে এসে সিদ্ধান্ত জানাতে হবে। এরপরই আন্দোলন স্থগিত করবো।”

কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান জানান, “থানা স্থানান্তরের জন্য কিছু প্রক্রিয়া রয়েছে, এর মধ্যে অবকাঠামো নির্মাণও রয়েছে। রাতারাতি সবকিছু সম্ভব নয়, এজন্য সময় প্রয়োজন।”