অনলাইন ডেস্ক:
পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের পর লাশ গুম করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীরে ১৬টি ইট বেঁধে পানিতে ডুবিয়ে দিয়েছিল বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাবাজার খালে একটি বস্তা ও ভাসমান বডি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহটি ডাঙায় তোলে। উদ্ধার করার সময় দেখা যায়, মরদেহের হাত ও পা শক্ত করে রশি দিয়ে বাঁধা ছিল এবং পানির নিচে তলিয়ে রাখার জন্য শরীরের সঙ্গে সুকৌশলে ১৬টি ইট পেঁচিয়ে রাখা হয়েছিল। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানিয়েছে, আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি বেশ কয়েক দিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহের পাশাপাশি অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানা পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। অন্য কোনো স্থানে তাকে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে শরীরে ইট বেঁধে পৌরশহরের খালে ফেলে দেওয়া হয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং ঘাতকদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।








