‘ওয়ার ২’ নিয়ে আইএফএফআইতে অয়ন মুখার্জির স্বীকারোক্তি
অনলাইন ডেস্ক:
‘ওয়ার ২’ নিয়ে প্রত্যাশা পূরণ হয়নি — গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (আইএফএফআই) নিজেই স্বীকার করলেন পরিচালক অয়ন মুখার্জি।
৫৭তম আইএফএফআইয়ের তৃতীয় দিনে ‘দ্য এপিক জনরস’ শীর্ষক আলোচনায় অংশ নেন অয়ন। তাঁর সঙ্গে ছিলেন ‘মিন্নাল মুরালি’খ্যাত পরিচালক বাসিল জোসেফ। সেখানেই ‘ওয়ার ২’-এর ব্যর্থতা নিয়ে খোলাখুলি কথা বলেন তিনি।
অয়ন বলেন, ‘ওয়ার ২’-এর জন্য কঠোর পরিশ্রম করেছেন তিনি, কিন্তু যে ফল আশা করেছিলেন, তা পাওয়া যায়নি। তাঁর ভাষায়, ‘আমি রণবীর ছাড়া একটাই ছবি করেছি — ওয়ার ২। সেটা ভালো হয়নি। হয়তো রণবীরের সঙ্গেই থাকা ভালো ছিল!’ দল ভেবেছিল, প্রথম ‘ওয়ার’-এর চেয়েও বেশি ভালো লাগবে দর্শকের — কিন্তু তা হয়নি।
অয়ন জানান, ‘ওয়ার ২’ তিনি লেখেননি, শুধু পরিচালনা করেছেন। ছবির মূল সৃষ্টি যশরাজ ফিল্মসের, প্রথম পর্বের লেখক ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের হাতে গড়া। অন্যের ফ্র্যাঞ্চাইজিতে এসে পরিচালনা করাটা তাঁর জন্য ভিন্ন অভিজ্ঞতা ছিল।
২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ওয়ার ২’-তে হৃত্বিক রোশন ফিরেছিলেন ‘কবীর’ চরিত্রে, আর খলনায়কের ভূমিকায় হিন্দি সিনেমায় অভিষেক হয় জুনিয়র এনটিআরের। কিয়ারা আদভানিও ছিলেন ছবিতে। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাড়া পায়নি।
একই আলোচনায় অয়ন বলেন, তাঁর প্রথম ছবি ‘ওয়েক আপ সিড’ মুক্তির সময়ের চেয়ে আজ বেশি ভালোবাসা পায়। ‘ব্রহ্মাস্ত্র ২’-এর পর সেই ধারার ছবিতে ফিরতে চান তিনি।
